বরাক তরঙ্গ, ২৮ মার্চ : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিলচর বড় মসজিদ কমিটি। জটিল ও বিরল রোগে আক্রান্ত শিলচরের তরণী রোডের বাসিন্দা আলতাফ হোসেন লস্করের শিশুপুত্র আফজল হোসেন লস্করের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে বড় মসজিদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কমিটির সাধারণ সম্পাদক মিলন উদ্দিন লস্কর, সম্পাদক মহফুজুল বারী (মামুন), সহকারী সম্পাদক মুক্তাদির হোসেন বড়ভূইয়া এবং হালিম আহমদ লস্কর এক লক্ষ টাকা তুলে দেন আফজলের বাবা আলতাফ হোসেনের হাতে। মূলত শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে অর্থ প্রদান করার কথা থাকলেও, চিকিৎসার প্রয়োজনে আফজলের পরিবার সেই রাতেই গুয়াহাটি রওনা হচ্ছেন—এই খবর পেয়ে কমিটির সভাপতি আলহাজ আমিনুল হক লস্করের নির্দেশে তড়িঘড়ি রাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, আফজল একটি অত্যন্ত বিরল ও জটিল রোগে আক্রান্ত, যা বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে লক্ষাধিক মানুষের মধ্যে খুব কম ক্ষেত্রেই দেখা যায়। এই রোগের কার্যকর চিকিৎসা বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই সম্ভব, যার আনুমানিক ব্যয় প্রায় ১৭ কোটি টাকা—যা একটি নিম্ন আয়ের পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব।
সন্তানের জীবন বাঁচাতে অসহায় মা-বাবার আর্ত আবেদন ইতোমধ্যেই নাড়া দিয়েছে অসংখ্য হৃদয়কে। সামাজিক মাধ্যমে ছোট্ট আফজলের বাঁচার আকুতি ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকা সহ দেশ-বিদেশের বহু সহৃদয় মানুষ এগিয়ে এসেছেন সহায়তার হাত বাড়িয়ে দিতে।
এই মানবিক প্রয়াসকে আরও সুসংগঠিত করতে রমজান মাসের প্রথম জুম্মাবারে শিলচর বড় মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে একটি ‘বিশেষ দানবাক্স’ উদ্বোধন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আমিনুল হক লস্কর এবং প্রধান ইমাম মাওলানা সাব্বির আহমদ লস্কর সকলের কাছে এই উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান।
পরবর্তীতে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে দানবাক্স খোলা হলে সংগৃহীত অর্থের সঙ্গে আরও কিছু যোগ করে এক লক্ষ টাকা প্রদান করা হয়। আফজলের বাবা আলতাফ হোসেন এই সহায়তা গ্রহণ করে মসজিদ কমিটি ও মুসল্লিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বরাক উপত্যকা সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নগদ ও ব্যাঙ্কের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৭১ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। তিনি অন্যান্য মসজিদ কমিটি ও সমাজের সকল স্তরের মানুষের কাছে একইভাবে মানবিক উদ্যোগ গ্রহণের জন্য কাতর আবেদন জানান।
প্রসঙ্গত, গুয়াহাটির এক মানবিক ব্যক্তিত্বের সহযোগিতায় আফজলের প্রাথমিক চিকিৎসা এই সপ্তাহ থেকেই শুরু হচ্ছে—যা তার সুস্থতার পথে এক আশার আলো জাগিয়েছে।



