দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : প্রতি বছরের মতো এ বছরও সনাতনী শক্তি বাহিনীর উদ্যোগে অম্বিকাপট্টির বেঙ্গলি বয়েজ ক্লাবের বিপরীতে শুক্রবার আয়োজিত হলো শ্রীরাম পূজা ও মহোৎসব। দিনভর পূজার্চনা, যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও শিলচর কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ পাল। তিনি ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ গ্রহণ করে বলেন, “আজকের দিনটি অত্যন্ত পবিত্র। ভগবান রাম ও হনুমানজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এবং একটি সুন্দর শিলচর গড়ে উঠুক—এই কামনাই করি।”

আয়োজকদের পক্ষ থেকে দেবারুণ সেনগুপ্ত জানান, “আজ অযোধ্যায় শ্রীরামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আমরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছি। ভগবানের চরণে প্রার্থনা, ভবিষ্যতে ভারতবর্ষ একটি সনাতনী রাষ্ট্রে পরিণত হোক।”
সংস্থার সভাপতি সুমন দে জানান, আগামীকাল সন্ধ্যা ৭টায় শ্রীরাম মূর্তি নিয়ে এক শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শিলচর শহর পরিক্রমা করে সদরঘাটে মূর্তি বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে। তিনি সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি সুবীর ধর, সাধারণ সম্পাদক জিৎ দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক শুভম দেবসহ অয়ন অধিকারী, অঙ্কু পাল, শিবম দে, অমিত সরকার, অনিকেত বণিক, সৌরভ দত্ত, সুজল দেব, রাজেন পাল, গৌরব পাল প্রমুখ।



