মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়খলার ডলু এলাকায় বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন তাঁর আগমনে দলীয় কর্মী-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সর্বানন্দ সনোয়াল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, “যে কাজ কংগ্রেস ৫৫ বছরে করতে পারেনি, সেই দলকে আবার সুযোগ দেওয়া উচিত নয়।” তিনি আরও দাবি করেন, কংগ্রেস এখন শুধু সংবাদমাধ্যমেই সীমাবদ্ধ, সাধারণ মানুষের মনে তাদের আর কোনও স্থান নেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, বিজেপি সরকার গত ১৫ বছরে যে উন্নয়ন করেছে, তা অতীতে কংগ্রেস করতে পারেনি। আত্মনির্ভর বরাক, আত্মনির্ভর অসম এবং আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে বলেও জানান তিনি।
এছাড়াও, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় চলমান উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে সোনোয়াল বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার ফলে অল্প সময়ের মধ্যেই যাতায়াত আরও সহজ হয়ে উঠছে।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুনরায় কংগ্রেসের সমালোচনা করেন এবং উন্নয়নের স্বার্থে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী কিশোর নাথকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।



