বরাক তরঙ্গ, ২৬ মার্চ : শেষ পর্যন্ত উধারবন্দ কেন্দ্রের বিজেপির বিদ্রোহী জোটের প্রার্থী মিঠুন নাথ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। সোমবার মনোনয়ন জমা দিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র সুরে সরব হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
এদিন জয়জ্যোতি দে, বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অশোক যাদবদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন মিঠুন নাথ। প্রত্যাহারের পর মিঠুন নাথ জানান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “সংঘ আমার মাতৃ সংগঠন। ভালো লাগুক বা না লাগুক, তাদের নির্দেশ আমি অমান্য করতে পারি না।”
তবে বিজেপির অভ্যন্তরীণ গণতন্ত্র ফেরানো প্রয়োজন—এই অবস্থান থেকে তিনি সরে আসেননি বলেও স্পষ্ট করেন।
মনোনয়ন প্রত্যাহারের জন্য উধারবন্দবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে আর সক্রিয় রাজনীতিতে যুক্ত হবেন না। তবে সামাজিক কাজকর্ম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।



