মানুষকে বোকা বানিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা, অগপ প্রার্থীকে নিশানা করে আক্রমণ আমিনুলের

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : সোনাই বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের প্রচারে উত্তাপ বাড়ছে, পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। বুধবার বিকেলে নবগঠিত সোনাই বিধানসভা এলাকার বাঁশকান্দি জিপির লম্বাবস্তি গ্রামে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে অগপ-বিজেপি জোটকে তীব্র আক্রমণ করেন তিনি।

আমিনুল হক লস্কর বলেন, অগপ ও বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ এবং এই জোটকে তিনি সাম্প্রদায়িক বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, অগপ প্রার্থী করিম উদ্দিন বড়ভূঞা রাজনৈতিক স্বার্থে দল পরিবর্তন করেছেন এবং ভোটে জয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছেন।

তিনি আরও বলেন, বিজেপি জোটকে ভোট দেওয়া মানে সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন করা। অগপ প্রার্থীকে পরাজিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর দাবি, সোনাইয়ের মানুষ ইতিমধ্যেই পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং কংগ্রেসের পক্ষে জনসমর্থন বাড়ছে।

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবী আব্দুল নূর চৌধুরী। তিনি বলেন, সোনাইয়ে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত এবং জনগণ এবার উন্নয়নমুখী নেতৃত্ব বেছে নেবেন।

সভায় অভিযোগ ওঠে, অগপ প্রার্থী করিম উদ্দিন বড়ভূঞা গত পাঁচ বছরে একাধিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে উন্নয়নমূলক কাজ হয়নি। সেই কারণে তাঁকে ব্যর্থ প্রার্থী হিসেবে আখ্যা দিয়ে আমিনুল হক লস্করকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

এদিনের সভায় আরও বক্তব্য রাখেন ড. আব্দুর রহিম লস্কর, মজরফ আলি বড়ভূইয়া, মওলানা হোসেন আহমদ, সাহাব উদ্দিন চৌধুরীসহ একাধিক নেতা ও বিশিষ্ট ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *