বরাক তরঙ্গ, ২৫ মার্চ : ২ লক্ষ চাকরি এবং মহিলাদের জন্য ২৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বজালি জেলায় এক নির্বাচনী সভায় এই প্রতিশ্রুতি দেন তিনি।
বজালি জেলার ভবানীপুর–সর্বভোগ বিধানসভা কেন্দ্রে জন আশীর্বাদ যাত্রার সময় তিনি এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচনের আগে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, বিজেপি প্রার্থী ঐতিহাসিক জয় লাভ করবেন এবং এই কেন্দ্রে জনসমর্থন দৃঢ়ভাবে দলের পক্ষেই রয়েছে।
উন্নয়নমূলক প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ চাকরি প্রদান করেছে এবং পুনরায় ক্ষমতায় এলে বেকার যুবকদের জন্য আরও ২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এছাড়াও তিনি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, আগে সরকারি চাকরি পেতে বড় অঙ্কের টাকা লাগত, কিন্তু বিজেপি সরকার স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করেছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযান প্রকল্পের অধীনে মহিলারা বর্তমানে ১০ হাজার টাকা পাচ্ছেন, যা পরবর্তী মেয়াদে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হবে। পাশাপাশি, অরুণোদয় প্রকল্পের আওতায় যারা এখনও সুবিধা পাননি, তাদেরও অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি।
তিনি ভবানীপুরে একটি ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতিও দেন। এও জানান, ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ বিঘা সত্রের জমি দখলমুক্ত করা হয়েছে এবং আগামী সময়ে আরও ৫০০ বিঘা জমি দখলমুক্ত করা হবে। এই আসনে বিজেপি প্রার্থী হিসেবে রণজিৎকুমার দাসকে মনোনীত করা হয়েছে, ফলে এখানে বহু-মুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বজালি জেলায় বিজেপির প্রচার যে আরও জোরদার হয়েছে, তা এই সফর থেকেই স্পষ্ট।



