বরাক তরঙ্গ, ২৫ মার্চ : সিঙ্গাপুরের করনার্স কোর্ট আজ জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় চূড়ান্ত রায় প্রদান করেছে। আদালত জানিয়েছে, জলে ডুবে যাওয়ার ফলেই জুবিনের মৃত্যু হয়েছিল। এই সময় সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন জুবিনের খুড়া মনোজ বরঠাকুর এবং রাহুল গৌতম শর্মা।
অন্যদিকে, জুবিন গর্গের স্ত্রীর উত্থাপিত সন্দেহের প্রসঙ্গে আদালত উল্লেখ করেছে যে, পুলিশ কোস্ট গার্ড এই ঘটনায় বিস্তৃত ও সুসংগঠিত তদন্ত চালিয়েছিল। তদন্তে স্পষ্ট হয়েছে যে, কোনও ব্যক্তি তাকে জলে ঠেলে দেয়নি, জোর করেনি বা বাধ্যও করেনি। এছাড়া উদ্ধারকাজে নিয়োজিত কেউ ইচ্ছাকৃতভাবে তার মুখ জলের নিচে চেপে ধরেছিল—এমন কোনও প্রমাণও পাওয়া যায়নি বলে আদালত জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় জুবিন গর্গ মদ্যপ অবস্থায় ছিলেন, যার ফলে তাঁর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে গিয়েছিল। প্রথমবার সাঁতার কাটার সময় তিনি নিজের লাইফ জ্যাকেট খুলে ফেলেন এবং দ্বিতীয়বার জলে নামার সময় ক্যাপ্টেন ও অন্যান্য যাত্রীরা লাইফ জ্যাকেট পরার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন। শেষ পর্যন্ত এই ঘটনাটি একটি মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হয় বলে আদালত মন্তব্য করেছে।



