শ্রীভূমি মনোনয়নের ঝড়: তিন কেন্দ্রে প্রার্থীদের ভিড়, জমে উঠছে নির্বাচনী লড়াই

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : শ্রীভূমি জেলাজুড়ে নির্বাচনী আবহ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। মনোনয়ন জমার শেষ দিনকে ঘিরে সোমবার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের ভিড়, সমর্থকদের উচ্ছ্বাস এবং প্রশাসনিক তৎপরতায় এক জমজমাট পরিবেশের সৃষ্টি হয়।

উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে এদিন সর্বাধিক ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল থেকেই জেলা নির্বাচন দপ্তরের সামনে প্রার্থীদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, স্লোগান এবং সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রার্থীদের মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট, প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী।

পাথারকান্দি বিধানসভা কেন্দ্রেও পিছিয়ে নেই নির্বাচনী উত্তেজনা। এখানে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলেছে। স্থানীয় মানুষের মধ্যে এই কেন্দ্র নিয়ে কৌতূহল ও আগ্রহ দিন দিন বাড়ছে, কারণ এখানে লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

অন্যদিকে, রামকৃষ্ণ নগর সংরক্ষিত বিধানসভা আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তুলনামূলকভাবে প্রার্থীর সংখ্যা কম হলেও, এই কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা কম তীব্র নয়। বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল এবং প্রার্থীদের জনপ্রিয়তা এই আসনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

তবে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এখনও পর্যন্ত কংগ্রেস-এজিপি -তৃনমূল কংগ্রেস দলের প্রার্থীর মনোনয়ন জমার পড়া ছাড়া আরও কোন দলীয় বা নির্দলীয় প্রার্থীর মনোনয়ন জমা পড়ার প্রশাসনিক ভাবে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্র থেকে আপডেটের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।

সব মিলিয়ে, শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই মনোনয়ন জমা প্রক্রিয়া ঘিরে যে চিত্র ফুটে উঠেছে, তা এক উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পূর্বাভাস দিচ্ছে। এখন নজর পরবর্তী ধাপের দিকে—মনোনয়ন যাচাই, প্রত্যাহার এবং শেষ পর্যন্ত ভোটের ময়দানে কে কতটা শক্তিশালী অবস্থান নিতে পারে, সেদিকেই থাকিয়ে রয়েছে সকলের দৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *