বরাক তরঙ্গ, ২২ মার্চ : কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে অমরচাঁন্দ জৈনের নাম ঘোষণার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা। ‘গৌরব গগৈ মুর্দাবাদ’, ‘জিতেন্দ্র সিং দালাল’ সহ বিভিন্ন স্লোগান তুলে কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

স্থানীয় নেতা সন্দীপ দাসকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসতে থাকেন একাংশ কংগ্রেস কর্মী। তাঁদের প্রতিবাদ ক্রমে রাস্তায় গড়ায়। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে গৌরব গগৈ, প্রিয়ঙ্কা গান্ধীসহ দলের শীর্ষ নেতৃত্বের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়।

উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে কালাইন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষীপুর জিপি মণ্ডল কংগ্রেস সভাপতি সাহাবুদ্দিন।




