মাঝপথে দাউদাউ করে জ্বলল বাস! অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক সহ ৩৭ যাত্রী

Spread the news

২১ মার্চ : ওডিশার ভুবনেশ্বর থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ৩৭ জন বাস যাত্রী। শনিবার ভোরে অন্ধ্রপ্রদেশের রামভদ্রপুরমের কাছে চলন্ত বাসের টায়ার ফেটে আচমকা আগুন লেগে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে ওডিশার চিত্রকোন্ডার বিধায়ক মাঙ্গু খিল্লাও ছিলেন। চালকের তৎপরতায় প্রাণহানি এড়ানো সম্ভব হলেও মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বাসটি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বাসটি যখন রামভদ্রপুরমের কাছাকাছি, তখন আচমকাই একটি বিকট শব্দে সামনের টায়ার ফেটে যায়। ঘর্ষণের ফলে মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। সেই সময় অধিকাংশ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। বিপদের গুরুত্ব বুঝতে পেরে চালক দ্রুত বাস থামিয়ে চিৎকার করে যাত্রীদের সতর্ক করেন এবং তাঁদের বাস থেকে নামানোর ব্যবস্থা করেন।

বাসে সওয়ার ওডিশার বিধায়ক মাঙ্গু খিল্লা জানান, তিনি ভুবনেশ্বরের রসুলগড় বাসস্ট্যান্ড থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তিনি বলেন, “রাত ৩টে নাগাদ আগুন ধরে যায়। পুরো বাসটি চোখের সামনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে সৌভাগ্যবশত, চালক সময়মতো আমাদের নামিয়ে দেওয়ায় বড় বিপদ ঘটেনি। পরে আমাদের অন্য একটি বাসে গন্তব্যে পাঠানো হয়।”

শনিবারের এই ঘটনা গত বছরের অক্টোবর মাসের এক মর্মান্তিক স্মৃতি উস্কে দিয়েছে। সেই সময় অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে বাসে আগুন লেগে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। এদিনের ঘটনায় প্রাণহানি না ঘটলেও বাসের ভেতর যে আতঙ্ক ও হুড়োহুড়ি তৈরি হয়েছিল, তা থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আপাতত সব যাত্রীই নিরাপদ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *