বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত বরসলা পুলিশ ফাঁড়ির লাহরিপাম গ্রামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় সমগ্র লাহরিঘাট অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে লাহরিপাম গ্রামে আব্দুল মান্নান গুলি চালালে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আলি আহমদ হোসেন খান বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আব্দুল মান্নানকে ধাওয়া করে আটক করে পুলিশের হাতে সমঝে দেন।

এদিকে, এই ঘটনার খবর পেয়ে স্থানীয় দণ্ডাধীশ ও লাহরিঘাট পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরিগাঁও সিভিল হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কেন এই গুলি চালানোর ঘটনা ঘটলো, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা সম্পর্কে তদন্ত অব্যাহত রাখছে পুলিশ। এদিকে, গ্রেফতার হওয়া আব্দুল মান্নানের বাড়ি শিলচরে বলে জানা গেছে।




