বিজেপির টিকিট পাওয়া কিশোর নাথকে উষ্ণ সংবর্ধনা

Spread the news

দীপ দেব ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : বড়খলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে টিকিট পাওয়া প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের নির্বাচনে দল তাঁর উপর আস্থা রাখায় উচ্ছ্বসিত নেতা-কর্মীরা।

শুক্রবার সকালে গুয়াহাটি থেকে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছাতেই বিপুল সংখ্যক সমর্থক তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি প্রথমে কাঁচাকান্তি মন্দির ও বনদুর্গা মন্দিরে পূজা-অর্চনা করেন। এরপর বিজেপির জেলা কার্যালয়ে পৌঁছালে নেতা-কর্মীরা গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করে নেন।

এদিন উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে কিশোর নাথ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ডিলিমিটেশনের পর বড়খলা কেন্দ্রের পরিসর বেড়েছে এবং জনগণের নানা সমস্যা রয়েছে। সেগুলোর সমাধানে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে আশ্বাস দেন।

তিনি আরও জানান, ২০২১ সালে দলীয় টিকিট না পেলেও গত পাঁচ বছর ধরে তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। দলীয় নেতৃত্ব ও বড়খলাবাসীর সমর্থনের ফলেই এবার তিনি প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন। আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *