বরাক তরঙ্গ, ১৯ মার্চ : টিকিট না পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি প্রার্থীর নাম ঘোষণা করার পরই ক্ষোভ প্রকাশ করে তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন।
জানা গেছে, প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় তিনি প্রদেশ বিজেপি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠান। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও হঠাৎ করে প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। রাজনৈতিক মহলে এই পদক্ষেপ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনের আগে এই ধরনের দলত্যাগ বিজেপির সংগঠনে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই বিষয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



