শিলচরে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন, পরিবর্তনের আহ্বান অভিজিৎ পালের

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পবিত্র বারুণীর শুভক্ষণে দেবীর আশীর্বাদ নিয়ে কার্যালয়ের সূচনা হয়। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, বিভিন্ন শাখা সংগঠনের নেতা এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের মা সুধারানী পাল এই কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর অভিজিৎ পাল জানান, এই কার্যালয় চালুর মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তিনি বলেন, পরিবর্তনের এই লড়াইয়ে কংগ্রেস শতভাগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিধায়ক এখন নিজের টিকিট নিয়েই বেশি ব্যস্ত এবং সাম্প্রতিক বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগা সাধারণ মানুষ তাঁকে খুঁজে পাচ্ছেন না।

স্বাধীনতার বছর সংখ্যা নিয়ে বিধায়কের মন্তব্যকেও কটাক্ষ করেন অভিজিৎ পাল। পাশাপাশি তিনি বলেন, গত পাঁচ বছরে কী কাজ হয়েছে, তার মূল্যায়ন শিলচরের মানুষ ইতিমধ্যেই করে ফেলেছেন। পৌরসভা নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন। তাঁর দাবি, ডাবল ইঞ্জিন সরকার বরাক উপত্যকাকে দীর্ঘদিন অবহেলা করেছে এবং আসন্ন নির্বাচনে জনগণই এর উপযুক্ত জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *