১৬ মার্চ : মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে তৈরি হওয়া চরম উত্তেজনার মাঝে বড়সড় কূটনৈতিক সাফল্য পেল ভারত। সোমবার ভোরে গুজরাটের মুন্দ্রা বন্দরে নিরাপদেই নোঙর করেছে ভারতীয় পতাকাবাহী এলপিজি (LPG) ট্যাঙ্কার ‘শিভালিক’। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই জাহাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে দেশে ফিরেছে।
পরের দিন অর্থাৎ মঙ্গলবার, দ্বিতীয় ট্যাঙ্কার ‘নন্দাদেবী’ মুম্বাই বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই দুটি জাহাজই গত মাসে ইরান ও ইজরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালী অতিক্রম করা দ্বিতীয় এবং তৃতীয় জাহাজ।
এই দুই ট্যাঙ্কারের নিরাপদ প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে ভারতের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা। জানা গেছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে চার দফা বৈঠক করেছেন। এমনকি গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। মূলত এই আলোচনার পরেই ভারতীয় জাহাজ চলাচলের পথ সুগম হয়।
‘শিভালিক’ এবং ‘নন্দাদেবী’—প্রতিটি জাহাজ প্রায় ৯২,৭০০ মেট্রিক টন গ্যাস বহন করছে। ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়। যুদ্ধের কারণে এই পথ দিয়ে বাণিজ্য ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।



