১৩ জুন : বাড়াল নিপা ভাইরাস। কেরলমের কোঝিকোড়ের এক বাসিন্দার টেস্ট রিপোর্ট পজ়িটিভ আসার পরেই সতর্কতা বাড়িয়েছে রাজ্য প্রশাসন। রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রাখা হয়েছে আইসোলেটেড ভেন্টিলেশন সাপোর্টে। তবে গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা মোট ৭৭জনকে শনাক্ত করে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুনের ন্যাশনাল ইনস্টিটিউড অফ ভাইরোলজি শুক্রবার জানায়, কোঝিকোড়ের রামানাট্টুকারার বছর ৪৩–এর ওই ব্যক্তির শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে। তার পরেই নড়েচড়ে বসে কেরালার স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত সময়ের মধ্যে ওই সংক্রামিত ব্যক্তির রুট ম্যাপ দেখে ৭৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, যাঁরা কোনও ভাবে ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানান, ৭৭ জনের মধ্যে ২ জন রয়েছেন রয়েছেন ‘হায়েস্ট রিস্ক’ ক্যাটিগরিতে এবং ১৩ জন ‘হাই রিস্কে’র মধ্যে। তাঁদের এই মুহূর্তে কোয়ারেন্টাইনে থেকে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
কোঝিকোড়ের জেলাশাসক এমএস মাধবীকুট্টি জানিয়েছেন, নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে এই মুহূর্তে যে ৭৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাঁদের মধ্যে ৫৮ জন স্বাস্থ্যকর্মী, ১৪ জন রোগীর পরিবারের সদস্য ও পাঁচজন ওই ব্যক্তির বন্ধু–সহকর্মী। তবে এখনও পর্যন্ত তাঁদের কারও মধ্যেই নিপার উপসর্গ দেখা দেয়নি। মাধবীকুট্টি জানান, আক্রান্ত ব্যক্তির সংক্রমণের উৎস এখনও পর্যন্ত স্পষ্ট বোঝা যায়নি।



