বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াতেই প্রকাশ্যে এল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আয়োজিত বৈঠকে দলের একাংশ নেতার সঙ্গে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের তীব্র বাদানুবাদ হয়। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন বিধায়ক।
জানা গেছে, শিলচর শহরের পার্ক রোডের একটি হোটেলে কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিলচরের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। প্রার্থী বাছাই নিয়ে আলোচনা চলাকালীনই আমিনুল হক লস্করের সঙ্গে একাংশ নেতার মতবিরোধ চরমে ওঠে।
বৈঠক থেকে বেরিয়ে বিধায়ক অভিযোগ করেন, শিলচরের বেশ কয়েকটি হিন্দু অধ্যুষিত ওয়ার্ডে এখনও কংগ্রেস প্রার্থী খুঁজে পায়নি। অথচ সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলিতে নিজেদের পছন্দের প্রার্থীদের টিকিট পাইয়ে দিতে দলের একাংশ মরিয়া হয়ে উঠেছে।
এর পাশাপাশি আরও গুরুতর অভিযোগ তুলে আমিনুল হক লস্কর বলেন, সংখ্যালঘু অধ্যুষিত আসনে অর্থের বিনিময়ে টিকিট দেওয়ার চেষ্টা চলছে। প্রার্থী বাছাইয়ের নামে এমন অনিয়ম কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান।

বিধায়কের কথায়, তিনি জীবিত থাকা অবস্থায় এ ধরনের কাজ কোনওভাবেই হতে দেবেন না। নির্বাচনের প্রস্তুতির মধ্যেই কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ এবং টিকিট বণ্টন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ ঘিরে শিলচরের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।



