মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : কাছাড়ের কাটিগড়া বিধানসভা এলাকার ধলছড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন প্রায় ৫০টি পরিবার। বিশুদ্ধ পানীয় জলের অভাবে বাধ্য হয়ে রাস্তার কালভার্টের নিচে জমে থাকা ড্রেনের অপরিশোধিত জল ব্যবহার করছেন বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এই দূষিত জলই ব্যবহার করতে হচ্ছে। এর ফলে বিশেষ করে শিশুদের মধ্যে বিভিন্ন রোগব্যাধি দেখা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার পানীয় জলের সমস্যার বিষয়টি জনপ্রতিনিধির নজরে আনা হয়েছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের পক্ষ থেকেও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে তাঁদের অভিযোগ। কিন্তু সেই আশ্বাসের পরও আজ পর্যন্ত এলাকায় স্থায়ীভাবে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা হয়নি।
এলাকাবাসীর প্রশ্ন, মাত্র ৫০টি পরিবারের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতেও যদি এত দীর্ঘ সময় লাগে, তাহলে জনপ্রতিনিধির দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে কবে? তাঁদের অভিযোগ, ভোটের সময় মানুষের সমস্যার কথা শোনা হলেও ভোটের পর এই মৌলিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
এলাকাবাসীর দাবি, আর আশ্বাস নয়, অবিলম্বে ধলছড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তীব্র গরমের মধ্যে একফোঁটা বিশুদ্ধ জলের জন্য যখন প্রায় ৫০টি পরিবারকে নালার জল ব্যবহার করতে বাধ্য হতে হচ্ছে, তখন প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজর কবে এই দুর্ভোগের দিকে পড়বে—এটাই এখন বড় প্রশ্ন।



