১ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছেন। হামলায় আহত ৩২ বছর বয়সী এক নারী পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার বিকেলে ওয়েস্ট ৪১তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস নামে কুইন্সের বাসিন্দা ওই নারী একটি ব্যাগ থেকে দুটি বড় ছুরি বের করে পথচারীদের ভয় দেখাতে থাকেন। এরপর তিনি এক ব্যক্তিকে পেটে ছুরিকাঘাত করেন। প্রায় ২০ সেকেন্ড পর আরও এক নারীকে ছুরিকাঘাত করা হয়।
হামলার পর সিসনেরোস টাইমস স্কয়ারের একটি পুলিশ সাবস্টেশনের দিকে চলে যান। সেখানে পুলিশ সদস্যরা তাকে ছুরি ফেলে দেওয়ার জন্য কয়েকবার নির্দেশ দেন। কিন্তু তিনি নির্দেশ মানেননি বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে নিয়ন্ত্রণে আনতে দুবার টেজার ব্যবহার করা হলেও তা কার্যকর হয়নি। এরপর দুই পুলিশ সদস্য গুলি চালালে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।



