বরাক তরঙ্গ, ৫ জুন : ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে আয়োজিত পঞ্চায়েত কাপ ২০২৬ নকআউট ফুটবল প্রতিযোগিতায় চান্নিঘাট এফসিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আঞ্জুমা এন্টারপ্রাইজ। শুক্রবার রাজঘাট রাজিব গান্ধি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আঞ্জুমা এন্টারপ্রাইজ বনাম চান্নিঘাট এফসি। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আঞ্জুমা এন্টারপ্রাইজ। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে আঞ্জুমা এন্টারপ্রাইজ। দ্বিতীয়ার্ধের খেলায় আরও দর্শনীয় ৩টি গোল করে আঞ্জুমা এন্টারপ্রাইজ। রেফারির লম্বা হুইসেলের আগে ১টি পরিশোধ করে চান্নিঘাট এফসি। খেলার ফলাফল দাঁড়ায় ৫-১। দলের হয়ে একাই তিনটি গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আঞ্জুমা এন্টারপ্রাইজ দলের জাওয়া। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার সহ ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালনের অঙ্গ হিসাবে একটি গাছের চারা তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী সাবু বড়ভূইয়া, সপ্তগ্ৰাম জিপির সহ সভানেত্রীর প্রতিনিধি কামাল উদ্দিন লস্কর, ধলাই প্রেসক্লাবের সম্পাদক বিবেকানন্দ দাস।

এছাড়া এদিনের ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন চেফ্টিয়া জুয়ালা। তার হাতে পুরস্কার সহ গাছের চারা তুলে দেন সানরাইজ স্কুলের শিক্ষক কমরুল ইসলাম বড়ভূইয়া, সহিদুল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন লস্কর মনোই। এদিনের খেলা শেষে আমন্ত্রিত অতিথি সহ ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা মাঠের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। শনিবার খেলা নেই।রবিবার কর্কট এফসির বিপক্ষে মাঠে নামবে রাজগোবিন্দপুর এফসি।



