মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : বাজারিছড়ার দুষ্কৃতকারীর হাতে হত বিজেপির বুথ সভাপতি বিকাশকুমার ধরের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোট ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। শনিবার শ্রীভূমি জেলা আবর্ত ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফে ১০ লক্ষ টাকা এবং তাঁর নিজের তরফে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। ফলে বিকাশ ধরের পরিবার মোট ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবে।
পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া মণ্ডলের ১৬৮ নম্বর বুথের সভাপতি বিকাশ কুমার ধরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সক্রিয় দলীয় কর্মীকে হারিয়ে শোকাহত তাঁর পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সরকারের এই আর্থিক সহায়তা শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে সরকার ও দলীয় নেতৃত্ব রয়েছে—এই বার্তাও তুলে ধরেছে। আকস্মিক এই মৃত্যুতে পরিবার যে গভীর সংকটের মধ্যে পড়েছে, সেখানে আর্থিক সহায়তা কিছুটা হলেও তাঁদের ভরসা জোগাবে বলে মনে করা হচ্ছে।
তবে আর্থিক সহায়তার পাশাপাশি এখন বড় প্রশ্ন—কেন খুন হতে হলো বিকাশ ধরকে? কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং হত্যার প্রকৃত কারণই বা কী? ঘটনার নেপথ্যে পূর্বপরিকল্পনা ছিল কি না, কিংবা এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এলাকাবাসীর দাবি, তদন্ত যেন কোনোভাবেই থমকে না যায়। হত্যাকাণ্ডের প্রতিটি দিক খতিয়ে দেখে দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একদিকে শোকাহত পরিবারের পাশে ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা, অন্যদিকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত—দুই বিষয়েই এখন নজর শ্রীভূমিবাসীর। পরিবারের প্রত্যাশা দ্রুত ন্যায়বিচার, আর এলাকাবাসীর দাবি, হত্যাকাণ্ডের সমস্ত রহস্যের দ্রুত পর্দাফাঁস করে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।



