মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : রামকৃষ্ণনগর শহরে সোমবার বিকেলে এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা শ্যামা বৈদ্যের বাড়িতে চোরের দল হানা দিয়ে নগদ প্রায় ১৪ লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামা বৈদ্যের স্ত্রী ঝুমা বৈদ্যের বড় মেয়ে অসুস্থ থাকায় সোমবার বিকেলে তার জন্য ওষুধ আনতে তিনি বাড়ির পাশের বাজারে যান। সেই সময় বাড়ির অন্যান্য সদস্যরাও বাইরে ছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে বাড়িতে ঢোকে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
বাজার থেকে ফিরে ঝুমা বৈদ্য দরজা খুলতেই ঘরের ভেতরের অবস্থা দেখে স্তম্ভিত হয়ে পড়েন। ঘরের পেছনের দরজা খোলা, আসবাবপত্র এলোমেলো এবং আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে খতিয়ে দেখে জানা যায়, আলমারিতে রাখা নগদ ১৪ লক্ষ টাকা ও পরিবারের বহু বছরের সঞ্চিত স্বর্ণালঙ্কার উধাও।
ঘটনার পর ঝুমা বৈদ্য কান্নায় ভেঙে পড়লে প্রতিবেশীরা ছুটে আসেন। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁকফোকর তুলে ধরেছে।
খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির বিভিন্ন অংশ পরিদর্শন করে সম্ভাব্য সূত্র সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চোরেরা বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করেছে।
স্থানীয়দের একাংশের ধারণা, বাড়ির গতিবিধি সম্পর্কে পূর্ব ধারণা ছিল এমন কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, খুব দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



