শুভ দাস, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুন : বরাক উপত্যকায় চলচ্চিত্র চর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে ফের অনুষ্ঠিত হতে চলেছে ‘সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহের আবহ তৈরি হয়েছে।শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন আয়োজকরা। ‘ইচ্ছেডানা’-র উদ্যোগে আগামী ১২ ও ১৩ জুন শিলচরের বঙ্গ ভবন-এ অনুষ্ঠিত হবে উৎসবের চতুর্থ বর্ষ।
১২ জুন বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হবে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়-কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। পাশাপাশি থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনাও। প্রথম দিনের চলচ্চিত্র প্রদর্শনী পর্বে বিকেল ৫টায় দেখানো হবে জয়ব্রত দাস পরিচালিত Academy of Fine Arts। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে প্রদর্শিত হবে শর্মিষ্ঠা দেব পরিচালিত স্যাডস (Shades) এবং রাত ৮টা ১৮ মিনিটে দর্শকদের সামনে তুলে ধরা হবে সুমন মুখোপাধ্যায় পরিচালিত’ পুতুল নাচের ইতিকথা।

১৩ জুন দ্বিতীয় দিনের সূচনা হবে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে। সকাল ১১টায় দ্যা ফ্যাভরিট, ১১টা ২০ মিনিটে ‘বেঁচে থাকার গান’ এবং ১১টা ৪৫ মিনিটে দিবাকর নাগ পরিচালিত ‘নরপিশাচ’ প্রদর্শিত হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে থাকছে পারমিতা মুন্সি পরিচালিত ‘আমি যখন হেমামালিনি’ এবং দুপুর ২টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে অরিন্দম শীল পরিচালিত ছবি উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ১৩ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত অ্যাওয়ার্ড নাইট। এতে কলকাতা থেকে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, যার মধ্যে রয়েছেন অরিন্দম শীল, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত এবং পাপিয়া অধিকারী সহ আরও অনেকে। এছাড়াও এবারের উৎসবে অভিনেতা রাহুল ব্যানার্জিকে বিশেষ ট্রিবিউট জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্জুন পাল, অভিজিৎ দেব, শর্মিষ্ঠা দেব, ইন্দ্রাণী সাহা, লিপি চন্দ এবং সাগরিকা দাস সাহা।চলচ্চিত্র, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলায় পরিণত হতে চলেছে এবারের সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। বরাক উপত্যকার চলচ্চিত্র আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশাবাদী আয়োজকরা।



