ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মৃত্যু

Spread the news

১৫ জুন : মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, স্কাইডাইভিং কার্যক্রম পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি স্থানীয় সময় রোববার সকাল ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের পরপরই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানান, বিমানটি পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়। উড্ডয়নের কিছুক্ষণ পর এটি হঠাৎ বাম দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানে থাকা ১২ জনই ঘটনাস্থলে প্রাণ হারান।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা এ ঘটনাকে গণহতাহতের ঘটনা হিসেবে বিবেচনা করছি।” তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বিমানটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ ছিল না। এটি স্থানীয় বিমানবন্দর থেকে পরিচালিত একটি ছোট বিমান ছিল, যা স্কাইডাইভিং কার্যক্রমে ব্যবহৃত হতো। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। বিমানবন্দর ত্যাগ করার অল্প সময়ের মধ্যেই এটি দুর্ঘটনার শিকার হয়।

এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটি এমন একটি আকাশসীমায় উড়ছিল যেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বাধ্যতামূলক ছিল না। ফলে বিমানটিকে কোনও এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা দেওয়া হচ্ছিল না।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন যে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না।
শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের কয়েকজনের পরিবারের সদস্য ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, যা দুর্ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *