সোনাবাড়িঘাট সেতু পাঁচ মাসে সম্পন্নের আশ্বাস কৌশিকের

Spread the news

ফাটক বাজার ও নিউ মার্কেটের আধুনিকীকরণে ১০ সদস্যের কমিটি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই :
শিলচরের ঐতিহ্যবাহী ফাটক বাজার ও নিউ মার্কেটের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার বাজার পরিদর্শন করে তিনি শতবর্ষী বাজারগুলোর জরাজীর্ণ অবকাঠামো সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বাজারের আধুনিকীকরণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীদের প্রতিনিধিদের নিয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে, যাতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাজার গড়ে তোলা সম্ভব হয়।

এদিকে, শিলচরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন প্রসঙ্গেও আশাব্যঞ্জক বার্তা দেন মন্ত্রী। তিনি জানান, সোনাবাড়িঘাট সেতুর নির্মাণকাজ আগামী পাঁচ মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেতুটি চালু হলে শহরের ভেতরে ভারী যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী কৌশিক রায় বলেন, ফাটক বাজার ও নিউ মার্কেটের আধুনিকীকরণ এবং সোনাবাড়িঘাট সেতুর নির্মাণ শেষ হলে শিলচরের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি শহরের যানজট সমস্যাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ দিন মন্ত্রী শিলচর ফুডগ্রেইনস মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং ফটক বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাজারের সামগ্রিক অবস্থা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল ব্যবস্থাপনা এবং জনসাধারণের সুবিধা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন, ব্যবসায়ী এবং অন্যান্য অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাজারকে আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও নাগরিক-বান্ধব করে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, সিনিয় পুলিশ সুপার সঞ্জীবকুমার শইকিয়া, মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক টঙ্কেশ্বর দাস, শিলচর পুর নিগমের কমিশনার অঙ্কুর দাস, শিলচর ফুডগ্রেইনস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী এবং ব্যবসায়ী সমাজের অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *