মিনি সচিবালয়ের নাম পরিবর্তন করে ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সমবিকাশের লক্ষ্যে রাজ্য সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সমবিকাশের অংশ হিসেবে বরাক উপত্যকায় থাকা মিনি সচিবালয়ের নাম পরিবর্তন করে ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’ করা হয়েছে।

‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’ প্রস্তাবে সম্প্রতি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে উল্লেখ করে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখন থেকে শিলচরের মানুষ সম্পূর্ণরূপে কার্যকর অসম সচিবালয় চত্বরে তাঁদের সমস্ত সরকারি পরিষেবা সহজেই পেতে পারবেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এ বিষয়ে মন্তব্য করে জানিয়েছিলেন, বরাক উপত্যকায় থাকা মিনি সচিবালয়ের নাম পরিবর্তন করে ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজ্য সরকারের ৫৯টি বিভাগের মধ্যে ৩২টি বিভাগের কাজকর্ম অসম সচিবালয়, বরাক উপত্যকা থেকে পরিচালনার জন্য নীতি-নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী ড. শর্মা।

উল্লেখ্য, বরাক উপত্যকা শাখা থেকে পরিচালনার জন্য সরকার ইতিমধ্যেই নীতি-নির্দেশিকা প্রস্তুত করেছে। গত ২১ আগস্ট জারি করা এই বিজ্ঞপ্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে শিলচরের প্রশাসনিক প্রতিষ্ঠান থেকে পরিচালিত হতে চলা বিভাগগুলির রূপরেখাও উল্লেখ করা হয়েছে। এই বিভাগগুলির মধ্যে মুখ্যমন্ত্রী সচিবালয়, সাধারণ প্রশাসন, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পূর্ত, গৃহ ও নগর বিষয়ক, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পরিবহণ, জলসম্পদ, উচ্চশিক্ষা, বিদ্যালয় শিক্ষা, শক্তি, পরিবেশ ও বন, খাদ্য ও অসামরিক সরবরাহসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এখন থেকে এই বিভাগগুলির কাজকর্ম শিলচর থেকেও পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *