বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : চলছে শিলচর পুর নিগমের ভোট গ্রহণ। নিগমে উন্নীত হওয়ার পর এই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলা ও পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শিলচর শহরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ৪০টি ওয়ার্ডের মোট ৩১২টি ভোটগ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচনে কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, রাইজর দল-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমিশনার পদে বিজেপির ৩৮ জন এবং অসম গণপরিষদের ৪ জন মনোনীত প্রার্থী রয়েছেন। পাশাপাশি কংগ্রেসের প্রায় ৩৬ জন প্রার্থীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নগর নিগমের বোর্ড গঠনের লক্ষ্যে বিজেপির পক্ষ থেকে জোরদার প্রচার চালানো হয়েছে। তবে টিকিট না পাওয়া বিজেপির বিক্ষুব্ধ প্রার্থী এবং বিভিন্ন নির্দল প্রার্থীরাও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
নির্বাচনে মোট প্রায় ২ লক্ষ ৭০ হাজার ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই শিলচর শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বৃষ্টির আবহাওয়া থাকলেও ভোটারদের মধ্যে উৎসাহের কোনও ঘাটতি লক্ষ্য করা যায়নি।
উল্লেখযোগ্যভাবে, ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজেন্দ্র প্রসাদ সিং এবং ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভক্তি সেন তালুকদার ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় তাঁদের এই জয় নিশ্চিত হয়।
সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর শিলচর নগর নিগমের প্রথম নির্বাচন ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ।



