নাইজেরিয়ায় পাইপলাইন থেকে তেল চুরির চেষ্টায় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩

Spread the news

৪ সেপ্টেম্বর: নাইজেরিয়ায় পাইপলাইন থেকে অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের সময় বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও পরিবেশবাদী সংগঠন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দেশটির রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ দুর্ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ওক্রিকা ও আশপাশের এলাকার দুই শতাধিক তরুণ কাঠের নৌকায় করে ওই এলাকায় যান। সেখানে পাইপলাইনের সঙ্গে অবৈধভাবে সংযুক্ত একটি ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়ামজাত পণ্য নৌকায় তোলার চেষ্টা করছিলেন তারা।

এ সময় পাইপলাইন থেকে উচ্চচাপে বের হওয়া ঘন ও বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন অনেকে। এতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে জ্ঞান হারান। কেউ কেউ নদীতে পড়ে ডুবে যান বলেও জানা গেছে।
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে জানান, একটি পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির উদ্দেশ্যে অবৈধভাবে ট্যাপিং পয়েন্ট তৈরি করে পাইপ সংযুক্ত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। উচ্চচাপে পাইপলাইনের ভেতর দিয়ে পেট্রোলিয়ামজাত পণ্য প্রবাহিত হওয়ার সময় তরুণেরা তা অপেক্ষমাণ নৌকায় তুলছিলেন। এ সময় তারা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন।

তিনি আরও জানান, নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
রিভার্স প্রদেশ পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানিয়েছেন, দুর্ঘটনার ভয়াবহতা ও প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য পণ্যবাহী জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানো হয়।

নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে দারিদ্র্য, বেকারত্ব ও তেল চুরি দীর্ঘদিনের সমস্যা। অবৈধভাবে পাইপলাইন থেকে তেল বা পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের সময় সেখানে প্রায়ই বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিষাক্ত ধোঁয়ার কারণে প্রাণহানির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *