কমলাক্ষের মধ্যস্থতায় মিটল মন্দির কমিটি, জিপি সভাপতি ও একজন সাংবাদিকের বিবাদ

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মধ্যস্থতায় অবশেষে অবসান ঘটল শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন সমিতি, জিপি সভাপতি হীরালাল দাস এবং সাংবাদিক যীশু নাথকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি ও মনোমালিন্যের। সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ গড়িয়েছিল থানা পর্যন্ত। মঙ্গলবার আলোচনার মাধ্যমে সেই বিবাদের যবনিকা পড়ল। এদিন কাছাড়ের পাঁচগ্রাম ঠান্ডাপুরে অবস্থিত শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরের কার্যালয়ে এ নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উপস্থিতিতে সবাইকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে জিপি সভাপতি হীরালাল দাস ও সাংবাদিক যীশু নাথের বিরুদ্ধে পাঁচগ্রাম থানায় দায়ের করা এজাহার প্রত্যাহার করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে এসব বিষয় নিয়ে আর কোনও ধরনের ভুল বোঝাবুঝি বা বিরোধ যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে সাংবাদিক যীশু নাথ ও জিপি সভাপতি হীরালাল দাসের বিরুদ্ধে পাঁচগ্রাম থানায় এজাহার দায়ের করেছিলেন শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন সমিতির পক্ষে সম্পাদক সুজন ভট্টাচার্য। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে মঙ্গলবার দুপুরের বৈঠকের পর সেই পরিস্থিতির অবসান ঘটেছে।

এদিনের সভায় মন্দির পরিচালন সমিতির সম্পাদক সুজন ভট্টাচার্য, সহ-সভাপতি সুখেন্দু কর, কার্যকরী সভাপতি রঘুনাথ ভূঁইয়া-সহ কমিটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপির মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস, মিঠুন শুক্লবৈদ্য ও বাবলা দেব এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। সকল পক্ষই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *