৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত কাছাড়, মূল অনুষ্ঠান ডিএসএ গ্রাউন্ডে

Spread the news

বরাক তরঙ্গ, ২২ জুলাই : ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিস্তৃত কর্মসূচি চূড়ান্ত করেছে কাছাড় জেলা প্রশাসন। এ বছরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিলচরের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএ) গ্রাউন্ডে। বুধবার জেলা কমিশনারের কার্যালয়ের নতুন কনফারেন্স হলে জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তার সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, জেলার শীর্ষ অসামরিক ও পুলিশ আধিকারিক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চূড়ান্ত কর্মসূচি অনুযায়ী, স্বাধীনতা দিবসের দিন সকাল ৫টা ৩০ মিনিট থেকে দেশাত্মবোধক গান সম্প্রচার করা হবে। সকাল ৭টায় বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সকাল ৭টা ৩০ মিনিটে সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় ডিএসএ গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর সিআরপিএফ, অসম পুলিশ, ষষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়ন, হোমগার্ড, এনসিসি, স্কাউটস অ্যান্ড গাইডস এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

এছাড়াও ছাত্রছাত্রীরা পদযাত্রায় অংশ নেবে। গান্ধী বাগানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে শহিদ তর্পণের আয়োজন করা হবে। কুচকাওয়াজের মহড়া পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অ্যান্টি-সাবোটাজ চেকিং, তল্লাশি অভিযান ও কড়া নিরাপত্তা নজরদারিসহ বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি চিকিৎসক দল, অ্যাম্বুলেন্স, পানীয় জল ও অন্যান্য জরুরি পরিষেবার ব্যবস্থাও রাখা হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে প্রায় ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগ ও শরীরচর্চার প্রদর্শনী এবং জেলা আয়ুক্তের কার্যালয় একাদশ ও জেলা বার অ্যাসোসিয়েশন (ভেটেরান) একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিন হাসপাতালের রোগী, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, নেশামুক্তি কেন্দ্র এবং কেন্দ্রীয় কারাগারের আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে। এছাড়া রোটারি ক্লাব, শিলচরের সহযোগিতায় একটি গণভোজেরও আয়োজন করা হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরের সরকারি ভবন, গুরুত্বপূর্ণ জনসাধারণের প্রতিষ্ঠান, বিভিন্ন মূর্তি এবং প্রধান ট্রাফিক আইল্যান্ড আলোকসজ্জায় সজ্জিত করা হবে। জাতীয় পতাকার আনুষ্ঠানিক অবতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে।

জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত সকল সরকারি দপ্তর ও অংশগ্রহণকারী সংগঠনকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ৮০তম স্বাধীনতা দিবস সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও সর্বজনীনভাবে উদযাপনের আহ্বান জানান। প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালওয়ার, এসিএস, মনোজ্যোতি কুটুম, এসিএস এবং কাছাড় জেলা প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *