বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : লোকাল এফসি সপ্তগ্রামকে ২-১ গোলে পরাজিত করে চলতি মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল ডাইবর্লাং এফসি জামিরখাল। বৃহস্পতিবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয় জামিরখাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামিরখাল। খেলার দ্বিতীয় মিনিটেই রঞ্জিত গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১১ মিনিটে শঙ্কুর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। রঞ্জিত ও শঙ্কুর দুর্দান্ত আক্রমণে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জামিরখাল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে লকেল এফসি সপ্তগ্রাম। অন্যদিকে লিড ধরে রাখতে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে জামিরখাল। টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে চলে ম্যাচ। শেষপর্যায়ে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লকেল এফসির হয়ে ইমা একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিশ্চিত করে জামিরখাল।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন শঙ্কু। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী হরিলাল সিংহ ও আমির হোসেন লস্কর।
এদিনের ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমদ লস্কর, প্রবীণ বর্মণ, কমরুজ্জামান লস্কর ও রাকিব বড়ভূইয়া। শুক্রবার ‘বি’ গ্রুপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ওয়াইথাই এফসি মুখোমুখি হবে মথুরাপুর এফসির।



