নবম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু, ন্যায়বিচারের দাবিতে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্বলন

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রোহিত সিনহার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হলেন পরিবারের সদস্য ও স্বজনরা। বৃহস্পতিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে এ দাবি জানান পরিবারের সদস্য ও স্বজনরা। এ ছাড়া মোমবাতি প্রজ্বলন করে রোহিতের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরিবারের অভিযোগ, জলে ডুবে নয়, পরিকল্পিতভাবে রোহিতকে হত্যা করা হয়েছে। জানান, গত ২৭ আগস্ট দুই বন্ধু রোহিতকে বাড়ি থেকে ফুটবল খেলার জন্য ডেকে নিয়ে যায়। দুধপাতিলের ফুটবল মাঠে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু কিছুক্ষণ পর পরিবারের কাছে খবর আসে, রোহিত জলে ডুবে গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং রোহিতের সন্ধানে তল্লাশি শুরু করেন। খবর দেওয়া হয় এনডিআরএফকেও। তবে ওইদিন রোহিতের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন অন্য একটি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, মৃতদেহ উদ্ধারের পর রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান তারা। অভিযোগ অনুযায়ী, তার সামনের দু’টি দাঁত ভাঙা ছিল, একটি হাত ভাঙা এবং মুখমণ্ডলেও আঘাতের চিহ্ন ছিল। এসব বিষয় সামনে রেখেই পরিবারের দাবি, এটি নিছক জলে ডুবে মৃত্যুর ঘটনা নয়, বরং রোহিতকে হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *