জন্মাষ্টমীতে বিহাড়া বিদ্যা নিকেতনে ছোট্ট বৃন্দাবন, কৃষ্ণ-রাধার সাজে মুগ্ধ খুদে পড়ুয়ারা

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক পরিবেশে মুখর হয়ে উঠল কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার অন্তর্গত বিহাড়া সরস্বতী বিদ্যা নিকেতন। খুদে পড়ুয়াদের কৃষ্ণ-রাধার সাজ এবং শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিয়ে মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে ফুটে উঠল যেন ছোট্ট বৃন্দাবনের ছবি।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত ও বিদ্যালয়ের প্রধান আচার্য বনমালী শুক্লবৈদ্য। পরে শ্রীকৃষ্ণের জন্ম ও বিভিন্ন লীলাকে কেন্দ্র করে পড়ুয়াদের অভিনয়, সাংস্কৃতিক পরিবেশনা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃষ্ণ ও রাধার বেশে পড়ুয়াদের উপস্থিতি। ময়ূরপঙ্খী মুকুট, বাঁশি ও ঐতিহ্যবাহী সাজে খুদে কৃষ্ণদের পাশাপাশি রাধার সাজে অংশ নেয় ছাত্রীরাও। তাদের নিষ্পাপ উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের আয়োজনের মাধ্যমে পড়ুয়াদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের পাশাপাশি ভারতীয় ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে তাদের পরিচিত করে তোলার চেষ্টা করা হয়।

অনুষ্ঠানে অপর্না শুক্লবৈদ্য, রণেশ্বর চক্রবর্তী, মনুজ সিনহা, বিশ্বজিৎ সাহা, বিউটি রায়, পাপিয়া দাস, লিজা দে, সিম্পি রানি দে-সহ বিদ্যালয়ের অন্যান্য আচার্য ও আচার্য্যারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *