বরাক তরঙ্গ, ২ জুন : উধারবন্দ কেন্দ্রের অন্তর্গত ছোট দুধপাতিল গ্রান্টের পূর্বলাইন উত্তরপাড়ার দীর্ঘদিনের রাস্তা সমস্যার সমাধান ও দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে পুনরায় সরব হয়েছে ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি এবং ইয়াসি ছোট দুধপাতিল জিপি কমিটি। এ দাবি নিয়ে বিধায়ক রাজদীপ গোয়ালার দ্বারস্থ হন কমিটির কমকর্তারা।
সোমবার ইয়াসি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বর্তমান বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরু করার জন্য তাঁর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। এদিন ইয়াসি ছোট দুধপাটিল জিপি কমিটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি গণেশ মণ্ডল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সম্পাদক মনোজ কালোয়ার, নন্দু রবিদাস, বিজন রবিদাস, আহাদ বড়ভূইয়া, সাজন লস্করসহ অন্যান্য সদস্যবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করে বিধায়ক রাজদীপ গোয়ালা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন এবং রাস্তা নির্মাণের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবিকে সামনে রেখে ইয়াসি নিরলসভাবে আন্দোলন ও প্রচেষ্টা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে ২০২৪ সালের ২ আগস্ট তৎকালীন অসমের পূর্তমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এরপর থেকে সংগঠনের সদস্যরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রেখে চলেছেন।
এমনকি বিধায়ক মিহিরকান্তি সোমের কার্যকালের সময়ও সংগঠনের জিপি কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও অনুসরণ করেছিলেন। বর্তমানে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে রাস্তা নির্মাণের লক্ষ্যে একটি সমীক্ষা (সার্ভে) পরিচালিত হচ্ছে বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।



