বরাক তরঙ্গ, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে চরম সমস্যার মুখে পড়েছেন উত্তর কৃষ্ণপুরের ৩৬৫ নম্বর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ প্রায় সব কক্ষেই জল ঢুকে পড়ায় স্বাভাবিক পাঠদান কার্যত ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় চত্বরে জমে থাকা জলের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি শিক্ষক-শিক্ষিকারাও বিদ্যালয়ে প্রবেশ করতে হিমশিম খাচ্ছেন। ফলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

আগামীকাল থেকে বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু বর্তমান জলাবদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের আশঙ্কা, এমন অবস্থায় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না।
অভিভাবকদের অভিযোগ, এলাকার ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণেই বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। বারবার সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি বলে দাবি তাদের।

এ অবস্থায় জেলা প্রশাসন ও শিক্ষা দফতরের কাছে দ্রুত বিদ্যালয় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।
স্থানীয় মহলের মতে, শিক্ষার স্বার্থে দ্রুত জলাবদ্ধতা নিরসন করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।



