২৪ ঘণ্টার মধ্যেই ৪ নিখোঁজ ছাত্রীকে উদ্ধার, বশিষ্ঠ পুলিশের তৎপরতায় স্বস্তি পরিবারে

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুন : নিখোঁজ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চার কিশোরী ছাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে বশিষ্ঠ পুলিশ। উদ্ধার হওয়া চারজনের বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে এবং তারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় চার ছাত্রী। ঘটনাটি সামনে আসতেই বেলতলার বনগাঁও এলাকার বাসিন্দা, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিখোঁজের অভিযোগ পাওয়ার পরপরই বশিষ্ঠ থানার পুলিশ বিশেষ তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান এবং আন্তঃরাজ্য সমন্বয়ের মাধ্যমে পুলিশ পশ্চিমবঙ্গের একটি গোপন স্থান থেকে চার ছাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের দ্রুত পদক্ষেপ ও সফল অভিযানে স্বস্তি ফিরেছে চার ছাত্রীর পরিবারে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই তৎপরতার প্রশংসা করেছেন।

তবে কী কারণে ছাত্রীরা নিখোঁজ হয়েছিল এবং ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খুঁটিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে তদন্তকারী দল।

বশিষ্ঠ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ছাত্রীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *