৪০ নম্বর ওয়ার্ডে বিজেপি থেকে স্থানীয় প্রার্থী না দিলে প্রভাব পড়বে ভোটে, হুঁশিয়ারি স্থানীয়দের

Spread the news

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডে শাসক দল থেকে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবিতে সরব হয়েছেন সেকেন্ড লিংক রোড এলাকার বাসিন্দারা। শাসক দলের সভাপতি, জনপ্রতিনিধিদের কাছে তাঁদের আবেদন, এই ওয়ার্ডে কোনও বহিরাগতকে প্রার্থী না করে এলাকারই যোগ্য ও স্থানীয় ব্যক্তিকে প্রার্থী করা হোক। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝুমুর দত্ত, সিদ্ধার্থ দেব রায়, জগদিন্দু ভট্টাচার্য, কিঙ্গররঞ্জন হোড়, নারায়ণ পাল, সুদীপ দেব, অমর পোদ্দাররা স্পষ্ট জানিয়ে দেন, ৪০ নম্বর ওয়ার্ডে তাঁরা কোনও বহিরাগত প্রার্থীকে মেনে নেবেন না স্থানীয়রা। তাঁদের বক্তব্য, এলাকার সমস্যা ও প্রয়োজন সম্পর্কে যাঁর প্রত্যক্ষ ধারণা রয়েছে, এমন স্থানীয় যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করতে হবে।

তাঁদের অভিযোগ, অতীতে বাইরে থেকে এসে নির্বাচনে জয়ী হওয়ার পর অনেক জনপ্রতিনিধি এলাকার উন্নয়ন ও স্থানীয় সমস্যার প্রতি প্রত্যাশিত গুরুত্ব দেননি। সেই অভিজ্ঞতা থেকেই এবার তাঁরা ঐক্যবদ্ধভাবে স্থানীয় প্রার্থীর দাবিতে সরব হয়েছেন।

তাঁরা বলেন, তাঁদের দাবি উপেক্ষা করে বহিরাগত প্রার্থী দেওয়া হলে ভোটে তার প্রভাব পড়তে পারে। এমনকি এতে সংশ্লিষ্ট দলেরই ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে তাঁরা দাবি করেন। এদিন তাঁরা জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক রাজদীপ রায় এবং মন্ত্রী কৌশিক রায়ের কাছে আবেদন জানান, দল যেন বাইরের কাউকে প্রার্থী না করে ৪০ নম্বর ওয়ার্ডের কোনও যোগ্য স্থানীয় ব্যক্তিকে প্রার্থী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *