নিরাময় ও গুরুচরণ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে জাতীয় কর্মশালা শিলচরে
বরাক তরঙ্গ, ৭ জুন : দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে যোগ বিষয়ক “জাতীয় কর্মশালা” আয়োজিত হল শিলচরে। যৌথভাবে কর্মশালার আয়োজন করে যোগ সার্টিফিকেশন বোর্ড,আয়ুষ মন্ত্রক স্বীকৃত এবং ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন অনুমোদিত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ‘নিরাময়’ স্কুল অব যোগ এডুকেশন , আসাম ও গুরুচরণ ইউনিভার্সিটি শিলচর। বুধবার, এই কর্মসূচির উদ্বোধনী পর্বে পৌরোহিত্য করেন মুখ্য বক্তা ছিলেন গুরুচরণ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। মুখ্য বক্তা ছিলেন আগরতলার বীরবিক্রম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক বিভাস দেব। কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে ছিলেন রাজস্থান জয়পুরের মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র সেন্টার ফর যোগ ওয়েলনেস এর সহকারী অধ্যাপক ড. সুনীল শর্মা ও নিরাময় এর ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য। নিরাময়ের এগকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখর চক্রবর্তী, জিসি ইউনিভার্সিটির একাডেমিক রেজিস্ট্রার ড.অভিজিৎ নাথ, ডিন স্টুডেন্টস ওয়েলফেয়ার ড. জয়দীপ পাল, নিরাময়ের মুখ্য সংযোজক যোগ আচার্য রাহুল প্রমুখ ছিলেন।
সঞ্চলনা করেন ড. মনীষা গোস্বামী। পড়ুয়া, রিসার্চ স্কলার সব মিলিয়ে দুশ’র বেশি প্রশিক্ষার্থী অংশ নেন কর্মশালায়। ডেমন্স্ট্রেটর হিসেবে ছিলেন হিমাঘ্ন ভট্টাচার্য, রাখি চক্রবর্তী, মিস মৃদুস্মিতা ও রাতুল চক্রবর্তী।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ড. অভিজিৎ নাথ। মুখ্য বক্তা তথা বিশিষ্ঠ অতিথি উপাচার্য ড. বিভাস দেবের কথায়, আজকের যুগে যোগ অভ্যাসের বিকল্প নেই। নিজেকে শারীরিক ও মানসিকভাবে নিজেকে কর্মক্ষম, সুস্থ রাখতে হলে যোগ প্রক্রিয়াকে দিনলিপিতে অন্তর্ভুক্ত করতেই হবে। স্মৃতি মন্থন করে উপাচার্য বিভাস দেবের বক্তব্য, ‘নিরাময় আজ উত্তর-পূর্ব ভারতজুড়ে সাফল্যের সঙ্গে যোগ শিক্ষার কাজ করছে। তবে,আমি অধ্যক্ষ পদে থাকাকালীন গুরুচরণ কলেজের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমেই ও প্রাতিষ্ঠানিক স্তরে যোগ শিক্ষা প্রচারের কাজ শুরু হয়েছিল নিরাময়ের। আজ তা বড় পরিসর পেয়েছে। আজকের দিনে গুরুচরণ ইউনিভার্সিটির সঙ্গে মিলে জাতীয় কর্মশালা করছে। এটা সত্যিই গর্বের মুহূর্ত।’ উপাচার্য নিরঞ্জন রায়, যোগ কর্মশালার তাৎপর্য ব্যাখ্যা করেন। নতুন শিক্ষানীতি অনুযায়ী গুরুচরণ ইউনিভার্সিটি যোগ শিক্ষাকে যে প্রাধান্য দিচ্ছে তাও উল্লেখ করেন। যোগশিক্ষা বিষয়ে পড়ুয়াদের সুযোগ সুবিধা করে দিতে ইউনিভার্সিটি প্রস্তুতি নিচ্ছে, মন্তব্য উপাচার্য নিরঞ্জন রায়ের। কর্মশালা শেষে প্রত্যেক পারফর্মার সহ অংশগ্রহণকারী শিক্ষা- প্রতিষ্ঠানকে স্মারক দিয়ে সম্মান জানানো হয়। সার্টিফিকেট পান প্রত্যেক প্রশিক্ষার্থী।



