বিশ্ব পরিবেশ দিবসে চারা বিক্রেতাদের সংবর্ধনা সহ নানা কর্মসূচি লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শুক্রবার সমাজে পরিবেশ সংরক্ষণে পরোক্ষ অবদানের স্বীকৃতি হিসেবে শিলচরের দুইজন চারা বিক্রেতাকে সংবর্ধিত করা হয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, জীবিকা নির্বাহের জন্য তাঁরা প্রতিদিন চারা বিক্রি করলেও তাঁদের এই পেশা সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই অবদানের স্বীকৃতি ও ভবিষ্যতে তাঁদের এই কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহিত করার লক্ষ্যে তাঁদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সঞ্জীব রায়সহ অন্যান্য সদস্যরা। সংবর্ধিত ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সম্মাননা পেয়ে তাঁদের মুখের হাসিই ছিল ক্লাব সদস্যদের কাছে বিশেষ প্রাপ্তি।

এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচরের পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়। অন্যদিকে, প্রকল্পের চেয়ারপার্সন লায়ন শিবুচন্দ্র দাসের নেতৃত্বে ক্লাবের সদস্যরা বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯৩৭ নং উজান নগর ইয়াকুব আলি পাঠশালায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও কর্তৃপক্ষের উপস্থিতিতে ১০টি চারা রোপণ করেন।
দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে ক্লাবের প্রতিটি সদস্য “ওয়ান ট্রি ফর ওয়ান লায়ন” স্লোগানকে সামনে রেখে একটি করে চারা রোপণ করেন।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়ে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এ বছরের বিশ্ব পরিবেশ দিবস সফল ও তাৎপর্যপূর্ণভাবে পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *