শিলচরের বেহাল সড়ক নিয়ে ইয়াসির জরুরি সভা, মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১ জুন : শিলচর শহরের ক্রমাবনতিশীল সড়ক ব্যবস্থা ও জলাবদ্ধতা সমস্যাকে কেন্দ্র করে রবিবার শিলচর পেনশনার্স ভবনে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস’ (ইয়াসি)-এর কেন্দ্রীয় কমিটি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায়। সভায় শহরের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থেকে শিলচরের করুণ সড়ক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট থেকে মেহেরপুর পর্যন্ত সড়কের বেহাল দশা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন ও নাগরিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলির সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ার অনির্বাণ ভৌমিক সাম্প্রতিক বছরগুলিতে রাস্তা ও নর্দমা নির্মাণে সংঘটিত বিভিন্ন কারিগরি ত্রুটি ও অনিয়মের বিষয় তুলে ধরেন। তিনি সাময়িক সংস্কারের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। সমাজকর্মী দীপক সেনগুপ্ত শহরের এই অব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলনের প্রস্তাব দেন। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের হৃষীকেশ দে অবিলম্বে রাস্তা নির্মাণ ও মেরামতির কাজ শুরু করার দাবিতে সংশ্লিষ্ট দপ্তরগুলির উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান। নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের বিমল কান্তি দে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

হিউম্যানিটি ফাউন্ডেশনের রেজাউল করিম বলেন, অপর্যাপ্ত ও ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থাই রাস্তা নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। এ বিষয়ে সরকারি দপ্তরগুলির সচেতনতা ও পরিকল্পনার অভাব রয়েছে। অ্যাডভোকেট জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য ইয়াসির উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন।

এসইউসিআই নেতা সুব্রতচন্দ্র নাথ বিবেকানন্দ রোড এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের প্রসঙ্গ উল্লেখ করে একটি ‘জনগণের কমিটি’ গঠনের প্রস্তাব দেন। বিশিষ্ট সমাজকর্মী আশিস আচার্য লিংক রোডের বেহাল অবস্থা ও জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, প্রকল্পের সফল বাস্তবায়নই সরকারের প্রকৃত সাফল্যের মাপকাঠি হওয়া উচিত।

শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রবীণ আইনজীবী দুলাল মিত্রও শহরের রাস্তা ও জলাবদ্ধতা সমস্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি পর্যায়ক্রমে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার পক্ষে মত দেন, যাতে বিভিন্ন সংগঠন, সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যায়।

সভায় ইয়াসির কেন্দ্রীয় সহ-সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে ডাম্পিং মেশিন স্থাপনের ফলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। এছাড়াও বিলপার, সোনাই রোড, লিংক রোড, রাঙ্গিরখাড়ি, কাঠাল রোড, ন্যাশনাল হাইওয়ে, কলেজ রোড, আশ্রম রোড, চেংকুড়ি রোড, তারাপুর, সার্কিট হাউস রোড, শ্মশান রোড, মালুগ্রাম, ঘনিয়ালা, ইটখোলা, সদরঘাট, জানিগঞ্জ, মধুরবন্দ রোড ও চিরুকান্দি রোডসহ শহরের বিভিন্ন এলাকার সড়ক ও জলাবদ্ধতার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় শিলচরের সড়ক ও নাগরিক সমস্যাগুলি নিয়ে একটি শক্তিশালী স্মারকলিপি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে প্রেরণ করা হবে। স্মারকলিপির সঙ্গে একটি নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না হলে সংশ্লিষ্ট সংগঠনগুলি যৌথভাবে ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের পথে নামবে বলে সভায় জানানো হয়। আগামী ৫ জুন সকাল ১১টায় কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে এবং এর অনুলিপি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলিতে পাঠানো হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রশান্ত ভট্টাচার্য, মান্না দত্ত, সাজন লস্কর, মনোজ কালোয়ার, আহাদ বড়ভূইয়া, গণেশ মণ্ডল, অমিত গোয়ালা ও সাধু গৌড়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার শেষে ইয়াসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (প্রশাসন) আহাদ লস্কর ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *