সাইরাং রেলস্টেশন গাঁজাসহ কাছাড়ের দুই ব্যক্তি আটক

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুন : মিজোরামের রাজধানী আইজল ও পার্শ্ববর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত। বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায় সাইরাং রেলস্টেশনে যৌথ অভিযানে ৬.২৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করে CADS এবং এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স বিভাগের যৌথ দল।

অভিযানে অসম থেকে মিজোরামে আসা দুই ব্যক্তির কাছ থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হল অসমের কাছাড় জেলার ভাটগ্রামের বাসিন্দা মম্পু রায় (৩৩) এবং ব্রাহ্মণগ্রামের বাসিন্দা কৃষ্ণ বৈষ্ণব (৪১)
বাজেয়াপ্ত করা মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স বিভাগ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

CADS-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে মিজো যুবসমাজ ও কিশোরদের মধ্যে গাঁজার ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, কর্মকাণ্ড এবং জীবনযাত্রার ওপর আরও সতর্ক নজর রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সন্তানরা যেন কোনওভাবেই মাদকাসক্তির শিকার না হয়, সে বিষয়ে সর্বদা সচেতন থাকার জন্যও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *