হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রিসভায় ৫ নতুন মুখ, বাদ পড়লেন একাধিক প্রাক্তন মন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুন : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রিসভায় এবার স্থান পেয়েছেন পাঁচজন নতুন মন্ত্রী। নবগঠিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন রামেশ্বর তেলী, চরণ বড়ো, নীলিমা দেবী, সুশান্ত বরগোহাঁই এবং অশ্বিনী রায় সরকার। এছাড়াও পূর্বতন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীকেও এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, হিমন্ত বিশ্ব শর্মার প্রথম মেয়াদের মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এবার নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। বাদ পড়েছেন টিহুর বিধায়ক চন্দ্রমোহন পাটোয়ারি, ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন এবং ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালা।

এদিকে, পূর্ববর্তী সরকারের মন্ত্রী রণজিৎ কুমার দাসকে অসম বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। রাজনৈতিক মহলেও এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বিজেপির টিকিট না পেয়ে দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছিলেন নন্দিতা গার্লোসা। অন্যদিকে, পূর্বতন মন্ত্রী যোগেন মহন ইতোমধ্যে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া, এবারের রাজনৈতিক সমীকরণে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হল বিজেপি ও ইউপিপিএল (UPPL)-এর মধ্যে জোট ভেঙে যাওয়া। এর ফলে ইউপিপিএলের প্রতিনিধি তথা প্রাক্তন মন্ত্রী উৰ্খাও গৌড়া ব্রহ্মও এবার মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *