বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মে : কমলাসাগর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে কমলাসাগর পাথারিয়াদ্বার সীমান্তের জিরো পয়েন্ট এলাকা এবং মধুপুর গ্রামে। সীমান্তে চোরাচালানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজন হলেন মোহাম্মদ মুরসালিন (২০)। তিনি বাংলাদেশের গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের বাসিন্দা।
একই ঘটনায় মধুপুর গ্রামে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে নবীর হোসেন (৪০) নামে আরও এক ব্যক্তির। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তে পাচার সংক্রান্ত কার্যকলাপ চলাকালীন বিএসএফের সঙ্গে সংঘর্ষের জেরে গুলিচালনার ঘটনা ঘটে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে খবর। আহতদের কুমিল্লায় চিকিৎসা চলছে। যদিও তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

বিজিবির এক আধিকারিক জানান, শুক্রবার রাত প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। অবৈধ পণ্য নিয়ে ফেরার সময় পাথারিয়াদ্বার এলাকায় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের টহলদল তাদের বাধা দেয়।
অভিযোগ, ওই সময় বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ জওয়ানদের উপর চড়াও হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড গুলি চালায়।

শনিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। পরে ময়নাতদন্ত সম্পন্ন করে দুই দেশের সীমান্ত আধিকারিকদের উপস্থিতিতে মৃতদেহ দুটি বাংলাদেশে পাঠানো হয়।
ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *