বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : কাছাড় জেলায় পুলিশের অভিযান চলাকালীন গ্রেফতার এড়াতে বরাক নদীতে ঝাঁপ দেওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ধরতে গিয়ে দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাছাড় জেলার সীমান্তবর্তী হরিনগর তৃতীয় খণ্ড এলাকার জিয়াউর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে দুই বাংলাদেশি নাগরিকের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় কাটিগড়া পুলিশ।
পুলিশ ওই বাড়িতে পৌঁছতেই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। গ্রেফতার এড়াতে তাঁরা বরাক নদীতে ঝাঁপ দেন। এরপর তাঁদের ধরতে নৌকা নিয়ে নদীতে তল্লাশি অভিযান শুরু করেন পুলিশকর্মীরা।
দীর্ঘ চেষ্টার পর দু’জনকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। এই অভিযানের সময় দুই পুলিশকর্মী আহত হন বলে খবর।
ধৃত দু’জনের নাম সলমান আহমদ (২২) এবং রাসেল আহমদ (৩৫)। তাঁরা বাংলাদেশের জকিগঞ্জের আমনসিদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।




