স্বামী-স্ত্রীর বচসার জেরে আড়াই মাসের শিশুর মৃত্যু, চাঞ্চল্য হাইলাকান্দিতে

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তর্গত গল্লাছড়া গ্রামে আড়াই মাসের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বচসার জেরে মা কোলে থাকা শিশুকন্যাকে মাটিতে ছুড়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটির নাম মারিসা বেগম।

পরিবারের দাবি, শিশুটির মা সায়না বেগম ও বাবা জিয়াব উদ্দিন মজুমদারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক চলছিল। সেই সময়েই শিশুটিকে মাটিতে ছুড়ে ফেলার ঘটনা ঘটে বলে অভিযোগ। শিশুটির কাকা একলাস উদ্দিন মজুমদার জানান, ঘটনার সময় তিনি পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে আহত শিশুটিকে প্রথমে জামিরা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মারিসা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রামনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ, অভিযোগের সত্যতা এবং মৃত্যুর জন্য কে দায়ী—তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *