বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : অসমের জোনাইয়ে ঘটে গেল এক লোমহর্ষক হত্যাকাণ্ড। তেলাম বাজারে এক শিক্ষক নিজের স্ত্রী ও তিন সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম ফিরোজ আলি (৫৫) বলে জানা গেছে। তিনি গামচুক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর কন্যা রিজিকা বেগম (৫), পুত্র শকিল আলি (৮) এবং স্ত্রী ছিনুয়ারা বেগমের (৩৩)।
অন্যদিকে, তাঁর আরেক কন্যা নেইনা আখতার (১৩)-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় শেষরক্ষা হয়নি। সে-ও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সংবাদ সংগ্রহের সময় পর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ডের মূল কারণ স্পষ্ট হয়নি। তবে ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত ফিরোজ আলিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক থাকা অবস্থায় ফিরোজ আলি জানান, তীব্র আর্থিক অনটনের কারণেই তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন। পরিবারকে সঠিকভাবে ভরণপোষণ দিতে না পারার ব্যর্থতা থেকেই সবাইকে চিরতরে শেষ করে দেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত।



