মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জুন : শ্রীভূমি জেলায় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ১৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ান প্রেম কুমার (৪৪)। জানা গেছে, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় প্রেম কুমারকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক এবং স্থানীয় পুলিশের কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ কিংবা অন্য কোনও কারণ এর সঙ্গে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মৃত জওয়ান প্রেম কুমারের বাড়ি পঞ্জাবে। দীর্ঘদিন ধরে তিনি বিএসএফে কর্মরত ছিলেন এবং সীমান্ত সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, ঘটনার সমস্ত দিক গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।



