শ্রীভূমির সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়িতে সরকারি নিবন্ধিত বিয়ের সূচনা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই :
শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়ি কমিটি সরকারি অনুমোদন ও নিবন্ধন লাভ করায় এখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই মন্দিরে সম্পূর্ণ বৈদিক আচার-অনুষ্ঠানের মাধ্যমে আইনসম্মতভাবে নিবন্ধিত বিয়ে সম্পন্ন করতে পারবেন। জানা গেছে, চলতি মাসেই সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে বিবাহ নিবন্ধন সম্পাদনের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়ি কমিটি। এর ফলে ধর্মীয় রীতি-নীতি অনুসরণের পাশাপাশি একইসঙ্গে সরকারি নথিভুক্তির সুবিধাও পাবেন নবদম্পতিরা। ইতোমধ্যে এই অনুমোদনের পর বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে প্রথম নিবন্ধিত বিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে কমিটি সূত্রে জানা গেছে। বৈদিক মন্ত্রোচ্চারণ ও সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালনের পাশাপাশি সরকারি বিধি মেনে বিবাহটি নিবন্ধিত করা হয়।

এ প্রসঙ্গে সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়ি কমিটির সম্পাদক সুজয় দাস বলেন, “সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে আমাদের কালীবাড়ি একটি নতুন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা সম্পূর্ণ বৈদিক বিধি অনুযায়ী এবং সরকারি নথিভুক্তির মাধ্যমে তাঁদের ছেলে-মেয়ের বিয়ে সম্পন্ন করতে পারবেন। আমরা সকলকে প্রয়োজনীয় তথ্য ও আনুষ্ঠানিকতার জন্য কালীবাড়ি কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

কমিটির এই উদ্যোগকে স্থানীয় সনাতন সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আইনগত স্বীকৃতিসহ বিবাহ সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হওয়ায় ভবিষ্যতে বহু পরিবার এই পরিষেবার সুবিধা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *