রাজ্যসভায় পাস হল ঐতিহাসিক বন্দেমাতরম অবমাননা রক্ষা বিল

Spread the news

২৯ জুলাই : ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আজ এক ঐতিহাসিক বিল পাস হয়েছে। ‘Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026’ নামের এই সংশোধনী বিলটি পাসের মধ্য দিয়ে দেশের জাতীয় গীতি ‘বন্দে মাতরম্’-কে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমান আইনি মর্যাদা ও সুরক্ষা দেওয়া হলো। এই বিল পাসের খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আলোচনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

১৯৭১ সালের ‘Prevention of Insults to National Honour Act’-কে সংশোধন করে আনা এই বিলে জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম্’-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে বাদল অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়। বিতর্কিত আলোচনার পর বিলটি সংসদের উচ্চকক্ষে পাস হয়।বিলের মূল উদ্দেশ্য হল জাতীয় গীতির প্রতি অবমাননা রোধ করা।

নতুন আইন অনুসারে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ‘বন্দে মাতরম্’ গাওয়ায় বাধা দেয়, জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বা গানটিকে অপমান করে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এর জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পুনরাবৃত্তিমূলক অপরাধের ক্ষেত্রে ন্যূনতম এক বছরের কারাদণ্ডের নিয়মও করা হয়েছে।

বিল পাসের পর সংসদে উপস্থিত সদস্যরা করতালি দিয়ে অভিনন্দন জানান। অনেকে মনে করছেন, এটি জাতীয়তাবাদী চেতনাকে আরও শক্তিশালী করবে। একজন সংসদ সদস্য বলেন, “‘বন্দে মাতরম্’ শুধু একটি গান নয়, এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা, আমাদের আত্মার কণ্ঠস্বর। এর মর্যাদা রক্ষায় আইনি সুরক্ষা দেওয়া সময়ের দাবি ছিল।”‘বন্দে মাতরম্’ গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাস থেকে নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *