বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশের মধ্যেই গভীর রাতে পুলিশের গুলির শব্দে কেঁপে উঠল রঙিয়া। দীর্ঘদিন ধরে পুলিশের মাথাব্যথার কারণ হয়ে ওঠা কুখ্যাত ডাকাত জানমেহমুদ ওরফে ‘মেলা’ রঙিয়া পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে।
জানা গেছে, রঙিয়ার তুলসীবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত একটি প্রত্যন্ত এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে জানমেহমুদের বাঁ পায়ে গুলি লাগে। এতে সে গুরুতরভাবে আহত হয়।
উল্লেখ্য, শুক্রবার দিনের বেলায় সংঘটিত একটি গাড়ি ডাকাতির ঘটনায় জড়িত মেলার এক সহযোগীকে ধাওয়া করে গ্রেপ্তার করতে সক্ষম হয় রঙিয়া পুলিশ। এরপর সন্ধ্যা থেকেই এলাকায় তৎপরতা বাড়ায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জানমেহমুদ ওরফে মেলা এর আগে সংঘটিত একাধিক ভয়াবহ ডাকাতির ঘটনার মূল চক্রী হিসেবে পরিচিত। এনকাউন্টারে গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে চাংসারিতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।



